কালীঘাটে মমতাকে ছুরিকাঘাতের চেষ্টা: আটক সিভিক ভলান্টিয়ার নারী
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তার কালীঘাটের বাসভবনের সামনে ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হওয়ার সময় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
তৃণমূল কংগ্রেসের তথ্যমতে, সড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এক নারী সিভিক ভলান্টিয়ার নিজেকে মমতার ভাগ্নি পরিচয় দিয়ে দলীয় নেত্রীর কাছে আসেন। এ সময় তিনি হঠাৎ অশালীন ভাষায় গালমন্দ শুরু করেন এবং মমতার ওপর আক্রমণ করতে উদ্যত হন। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন তাকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে হামলাকারী ওই নারী মাদকাসক্ত ছিলেন।
ঘটনার কয়েক ঘণ্টা পর পুলিশ অভিযুক্ত নারীর পরিচয় প্রকাশ করে জানায়, তার নাম অনুসূয়া সাহা (৩৮)। তবে নিরাপত্তা বাহিনী এই ঘটনাকে কেবল একটি 'বাকবিতণ্ডা' হিসেবে উল্লেখ করেছে। এই অপ্রত্যাশিত ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা ও এর ত্রুটি নিয়ে তীব্র প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা।
Comments