ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান 'গ্রামীণ কল্যাণ'-কে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতেই হবে। এ বিষয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে এবং রায়ে আগামী তিন অর্থবছরের মধ্যে এই বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার (১২ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের বিচারকদের স্বাক্ষরের পর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। এর আগে গত ১০ সেপ্টেম্বর গ্রামীণ কল্যাণকর্তৃক দায়ের করা দুটি রিট আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। এর ফলে প্রতিষ্ঠানটির কাছে এনবিআরের দাবি করা কর আদায়ের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা রইল না।
জাতীয় রাজস্ব বোর্ডের পুনর্বমূল্যায়নের পর ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত পাঁচ বছরের আয়কর দাবিকে চ্যালেঞ্জ করে ২০১৭ সালে হাইকোর্টে পৃথক দুটি রিট আবেদন করেছিল গ্রামীণ কল্যাণ। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেছিলেন। পরবর্তী সময়ে হাইকোর্টের একটি নতুন বেঞ্চে দীর্ঘ শুনানি শেষে রুলগুলো খারিজ করা হয়।
গ্রামীণ কল্যাণের আইনজীবী খাজা তানভীর জানান, এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করা হলেও আদালত তা খারিজ করে দেওয়ায় এনবিআরের দাবিই বহাল রয়েছে। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর এসংক্রান্ত একটি রায় স্বতঃপ্রণোদিতভাবে প্রত্যাহার করে মামলাটি নতুন বেঞ্চে পাঠানো হয়েছিল, যেখানে শুনানির পর রিট আবেদনটি খারিজ হয়।
Comments