গ্রামীণ সড়ক নির্মাণে অনিয়ম ঠেকাতে তিন বছরের ওয়ারেন্টির সুপারিশ
গ্রামীণ সড়ক নির্মাণে গুণগত মান নিশ্চিত করা এবং অনিয়ম কমাতে ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টির বিপরীতে জামানত নেওয়ার সুপারিশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে আর্সেনিকপ্রবণ এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং উন্নয়ন প্রকল্পের অনিয়ম তদন্তের ওপর গুরুত্ব দিয়েছে কমিটি।
রোববার (১১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব।
সড়ক নির্মাণে বাড়বে জবাবদিহি
বৈঠকে গ্রামীণ সড়কের নির্মাণকাজের মান ও স্থায়িত্ব নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। এ লক্ষ্যে ঠিকাদারদের কাছ থেকে তিন বছরের ওয়ারেন্টির বিপরীতে জামানত নেওয়ার সুপারিশ করা হয়। পাশাপাশি নির্মাণকাজে অনিয়ম ও গাফিলতি ঠেকাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকি জোরদার করার ওপর জোর দেওয়া হয়।
কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি জবাবদিহি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। উপজেলা পর্যায়ে অনলাইনভিত্তিক হাজিরা ব্যবস্থা চালুর সুপারিশও করেছে সংসদীয় কমিটি।
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা অভিযানের তাগিদ
দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কমিটি। এডিস মশার বিস্তার রোধ ও ডেঙ্গু প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান তদারকির নির্দেশনা দেওয়া হয়েছে।
পাশাপাশি রোগটি প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সুপারিশ করা হয়।
আর্সেনিকপ্রবণ এলাকায় নিরাপদ পানির উদ্যোগ
আর্সেনিকযুক্ত এলাকাগুলো শনাক্ত করে সেখানে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে প্রকল্প গ্রহণের সুপারিশ করেছে কমিটি। এর মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পুরোনো প্রকল্পের অনিয়ম তদন্তের সুপারিশ
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশি-বিদেশি অর্থায়নে নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্পগুলোর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে বৈঠকে।
বৈঠকে কমিটির সভাপতি এ কে এম সেলিম রেজা হাবিব ছাড়াও উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও মন্ত্রী ড. আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মোহাম্মদ আক্তারুজ্জামান, জসীম উদ্দীন আহমেদ, শেখ ফরিদ আহমেদ, সেলিনা সুলতানা, এ টি এম আজহারুল ইসলাম এবং মো. রফিকুল ইসলাম খান। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
Comments