দক্ষ মানবসম্পদ গড়তে ভাষা ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে হবে: ববি হাজ্জাজ
বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য অর্জনে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ জন্য ভাষা শিক্ষা, কারিগরি জ্ঞান ও যোগাযোগ দক্ষতার সমন্বিত বিকাশ প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চতুর্থ ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ লিগ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়; জ্ঞান অর্জন, দক্ষতা বৃদ্ধি এবং অর্থনৈতিক অগ্রগতিরও গুরুত্বপূর্ণ উপকরণ। নিজের চিন্তা স্পষ্টভাবে প্রকাশ করা এবং অন্যের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ করতে পারা শিক্ষা ও কর্মজীবনে সফলতার জন্য জরুরি। তাই ভাষাশিক্ষাকে শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনে কাজে লাগানোর উপযোগী করে তুলতে হবে।
ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশের তরুণদের মাতৃভাষায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জ্ঞানচর্চার সুযোগ বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক ভাষায় দক্ষ করে তুলতে হবে। চীনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, নিজস্ব ভাষায় বৈজ্ঞানিক ও একাডেমিক জ্ঞানচর্চার সুযোগ তৈরি করা একটি দেশের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে সহায়ক।
তিনি আরও বলেন, ইংরেজি ও চীনা ভাষাসহ আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ভাষায় দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে কারিগরি শিক্ষা ও যোগাযোগ দক্ষতার বিকাশ ঘটাতে পারলে তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ আরও শক্তিশালী হবে।
প্রতিমন্ত্রী দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে ভাষাশিক্ষা ও দক্ষতা উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। তাঁর মতে, তরুণদের ভাষাশিক্ষায় অর্জিত সাফল্যকে বৃহত্তর মানবসম্পদ উন্নয়নের কাজে লাগাতে হবে।
নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্য বেনজীর আহমেদ এবং বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Comments