মক্কা-মদিনার প্রশ্নে আপসহীন বাংলাদেশ
পবিত্র মক্কা ও মদিনার মর্যাদার প্রশ্নে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রয়োজনে এ বিষয়ে বাংলাদেশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে মক্কা প্যাক্টে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান প্রতিমন্ত্রী।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 'কর্মশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের পুনর্কল্পনা' শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, পবিত্র মক্কা ও মদিনার মর্যাদা রক্ষার বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট। এ বিষয়ে কোনো আপস করা হবে না। মক্কা প্যাক্টে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথাও জানানো হয়েছে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা মুসলিম দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অভিজ্ঞতা এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় কাজে লাগানো যেতে পারে। এ কারণে মক্কা প্যাক্টের উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ।
সৌদি আরবের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এতদিন দুই দেশের সম্পর্ক মূলত জনশক্তি রপ্তানি ও রেমিট্যান্সনির্ভর ছিল। এখন এ সম্পর্ককে আরও বিস্তৃত করে বিনিয়োগ, প্রযুক্তি ও জ্বালানিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ।
তিনি জানান, বাংলাদেশে সৌদি আরবের বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে। স্টার রিফাইনারি-২ প্রকল্পে সৌদি বিনিয়োগের পরিমাণ প্রায় ২ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। দুই দেশের সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে উচ্চপর্যায়ের সফর ও যোগাযোগ বাড়ানো হচ্ছে।
হুমায়ুন কবির বলেন, শুধু সৌদি আরব নয়, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেও বিনিয়োগভিত্তিক সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। শ্রমবাজারকেন্দ্রিক সম্পর্কের পাশাপাশি প্রযুক্তি ও দক্ষতাভিত্তিক খাতে সহযোগিতা বাড়ানো এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর প্রসঙ্গে তিনি বলেন, সফরে বিনিয়োগ অংশীদারত্বকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে জ্বালানি খাতে সহযোগিতা এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবিলা এবং বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে জাপানের সঙ্গে আলোচনা করার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে জাপান সরকারের আগ্রহ ও সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলোও গুরুত্ব পাবে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
Comments