প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, নীলক্ষেত চাকরিপ্রত্যাশীদের অবরোধ
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশীরা। পরীক্ষার আগমুহূর্তে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার পর শনিবার (১০ অক্টোবর) এ সিদ্ধান্ত নেওয়া হয়। হঠাৎ পরীক্ষা স্থগিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন পরীক্ষার্থীরা।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু না হওয়ায় পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে পরীক্ষা স্থগিতের ঘোষণা এলে তাঁরা বিক্ষোভ শুরু করেন এবং নীলক্ষেত মোড়ে অবস্থান নেন।
রাজধানীর ইডেন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা এক চাকরিপ্রত্যাশী জানান, নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে প্রশ্নপত্র দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি দেখা যায়নি। বেলা ১১টা পেরিয়ে গেলেও পরীক্ষা শুরু না হওয়ায় পরীক্ষার্থীরা কক্ষ থেকে বের হয়ে আসেন। পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসে পরীক্ষা হবে না বলে জানান।
আরেক পরীক্ষার্থী অভিযোগ করেন, পরীক্ষা শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিয়োগ পরীক্ষার প্রশ্ন বলে বিভিন্ন প্রশ্ন ছড়িয়ে পড়েছিল। পরীক্ষার আগমুহূর্তে স্থগিতের ঘোষণা আসায় দূরদূরান্ত থেকে আসা প্রার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
তিনি বলেন, অনেক পরীক্ষার্থী ঢাকায় আসতে দুই থেকে তিন হাজার টাকা খরচ করেছেন। কেউ হোটেলে, আবার কেউ আত্মীয়স্বজনের বাসায় অবস্থান করেছেন। পরীক্ষা স্থগিত হওয়ায় তাঁদের সময় ও অর্থ দুটিই নষ্ট হয়েছে।
ওই পরীক্ষার্থীর দাবি, যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগের প্রতিকার এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধের দাবিতে তাঁরা আন্দোলনে নেমেছেন।
২৪২টি পদের বিপরীতে এ নিয়োগ পরীক্ষায় সারা দেশ থেকে তিন লাখের বেশি প্রার্থীর অংশ নেওয়ার কথা ছিল। রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তবে পরীক্ষা শুরুর আগেই প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত হওয়ায় নিয়োগ কার্যক্রমের পরবর্তী পদক্ষেপ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
Comments