সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ আসছে শনিবার, দাফন মিরপুরে
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা ও দাফন আগামীকাল শনিবার (১০ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকালে লন্ডন থেকে তাঁর মরদেহ ঢাকায় পৌঁছাবে।
পরিবার সূত্রে জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহ প্রথমে তাঁর বাসায় নেওয়া হবে, যেখানে পরিবারের সদস্য ও স্বজনরা তাঁকে শেষবারের মতো দেখতে পাবেন।
এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে তাঁর কফিন রাখা হবে। সেখানে বন্ধু, সহকর্মী, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর বিকেল ৩টায় একই মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বিকেল ৫টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।
উল্লেখ্য, ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে অবস্থানকালে গত ১ অক্টোবর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তৌফিক ইমরোজ খালিদী। পরবর্তীতে তাঁকে লন্ডনের সেইন্ট বার্থোলমিউ'স হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান যে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ (ব্রেন হেমারেজ) হয়েছে। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে পরদিন স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে গত ৮ অক্টোবর জোহরের নামাজের পর পূর্ব লন্ডনের ঐতিহাসিক ব্রিকলেইন মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তাঁর সাবেক সহকর্মী, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান।
Comments