যুক্তরাষ্ট্রের মানবপাচার প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত
যুক্তরাষ্ট্রের প্রকাশিত ২০২৬ সালের মানবপাচার বিষয়ক প্রতিবেদনে (টিপ রিপোর্ট) বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে। সার্বিক মূল্যায়নে দেশটি আগের মতো এবারও দ্বিতীয় স্তরে বা 'টায়ার-২' অবস্থানে রয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বহুল প্রতীক্ষিত 'ট্রাফিকিং ইন পারসনস' (টিআইপি) এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, মানবপাচার রোধে নির্ধারিত ন্যূনতম মান পুরোপুরি অর্জন করতে না পারলেও, বিগত সময়ের তুলনায় বাংলাদেশ সরকার নানামুখী পদক্ষেপ ও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এই সার্বিক প্রচেষ্টার ফলেই দেশটির বর্তমান অবস্থান অপরিবর্তিত রাখা হয়েছে।
মানবপাচারবিরোধী আইনি কাঠামোকে আরও শক্তিশালী করতে ২০২৬ সালে নতুন একটি অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। যার মাধ্যমে অভিবাসী চোরাচালান এবং জোরপূর্বক অপরাধমূলক কর্মকাণ্ডে বাধ্য করার বিষয়গুলোকে কঠোর আইনি ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে মানবপাচার নির্মূলে কিছু ইতিবাচক উদ্যোগের কথা স্বীকার করা হলেও প্রতিবেদনে কিছু ক্ষেত্রে ঘাটতির কথাও তুলে ধরা হয়েছে। বিশেষ করে ভুক্তভোগীদের পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করা, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অভিবাসী শ্রমিকদের শোষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে বলে উল্লেখ করা হয়।
Comments