দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি গাজী নজরুল ও তার চালকের জামিন নামঞ্জুর
দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং তাঁর গাড়িচালক ওবায়দুরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৭ অক্টোবর) পৌনে ৩টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে বাদীপক্ষের আপসনামা এবং আসামিপক্ষের জামিন আবেদনের ওপর দীর্ঘ শুনানি শেষে আদালত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন আদালতে আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, গাজী নজরুলের জামিনে বাদীপক্ষের কোনো আপত্তি নেই এবং তাঁরা এ বিষয়ে আপসনামা দাখিল করেছেন। এছাড়া আসামির অসুস্থতার বিষয়টিও আদালতে তুলে ধরে জামিন প্রার্থনা করা হয়।
অন্যদিকে জামিনের তীব্র বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বলেন, অনাপসযোগ্য ধারার অপরাধে আপস চাওয়া সম্পূর্ণ আইনবহির্ভূত। মামলার তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটি আত্মহত্যা নাকি হত্যা, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।
রাষ্ট্রপক্ষ আরও জানায়, আপসনামায় থাকা আব্দুল হামিদ নামের ব্যক্তি কোনো বৈধ পক্ষ নন। এমনকি বাদীসহ অন্যদের আটকের আবেদন জানিয়ে রাষ্ট্রপক্ষ দাবি করে, এ ধরনের মামলায় কেবল সংবাদদাতা নন, বাদী নিজেও আসামি হতে পারেন।
উত্তরে আসামিপক্ষের আইনজীবী যুক্তি দেখান যে, বাদীপক্ষ জামিনে কোনো আপত্তি জানায়নি এবং এই মামলায় অভিযুক্ত অন্য এক স্ত্রী ইতিপূর্বে জামিন পেয়েছেন; তাই একই যুক্তিতে এমপি গাজী নজরুল ইসলামকেও জামিন দেওয়া উচিত। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আবেদনটি নামঞ্জুর করেন।
Comments