সামাজিক মাধ্যমের তথ্য না দিলে বাতিল হতে পারে মার্কিন ভিসা
যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করার সময় বাধ্যতামূলকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমের (সোশ্যাল মিডিয়া) সঠিক তথ্য প্রদান করতে হবে। অন্যথায় আবেদন সরাসরি প্রত্যাখ্যান হওয়ার পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়ার ক্ষেত্রেও স্থায়ীভাবে অযোগ্য ঘোষিত হতে পারেন আবেদনকারীরা।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক গুরুত্বপূর্ণ বার্তায় এ কড়া সতর্কতা জারি করেছে।
দূতাবাসের ওই পোস্টে বলা হয়েছে, 'যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে আপনার ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য প্রদান বাধ্যতামূলক। এই তথ্য না দিলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে এবং ভবিষ্যতে আপনি মার্কিন ভিসার জন্য সম্পূর্ণ অযোগ্য বলে বিবেচিত হতে পারেন।'
তথ্য গোপনের পরিণতি সম্পর্কে সতর্কবার্তা
এর আগে ভিসা সাক্ষাৎকার নিয়ে আবেদনকারীদের আরও একটি বিশেষ বার্তা দিয়েছিল মার্কিন দূতাবাস। সেখানে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে, সাক্ষাৎকারের সময় অতীতের বা বর্তমানের কোনো ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তথ্য কোনোভাবেই গোপন করা যাবে না; বরং সম্পূর্ণ সত্য তথ্য প্রদান করতে হবে।
দূতাবাস জানিয়েছে, কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীদের অতীতের যেকোনো ইমিগ্রেশন বা ভ্রমণ ইতিহাস সম্পর্কে ওয়াকিবহাল থাকেন। তাই সাক্ষাৎকারে অসত্য তথ্য প্রদান বা কোনো তথ্য লুকানোর চেষ্টা করলে তা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে।
বার্তায় আরও বলা হয়েছে, ভিসা সাক্ষাৎকারে অবশ্যই সত্য কথা বলতে হবে। মিথ্যা তথ্য দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশ স্থায়ীভাবে নিষিদ্ধ হতে পারে। এছাড়া অতীতে ভিসা প্রত্যাখ্যান হওয়া, অনুমোদিত সময়ের চেয়ে বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করা (ওভারস্টে) কিংবা যেকোনো ধরনের ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতার তথ্য গোপনের চেষ্টা না করার জন্যও কড়া সতর্কবার্তা দিয়েছে মার্কিন দূতাবাস।
Comments