ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের পক্ষে লড়তে ব্রিটিশ আইনজীবীর আবেদন
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লড়াই করার জন্য আবেদন করেছেন ব্রিটিশ আইনজীবী স্টিভেন কেসি।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সুপ্রিম কোর্ট বার কাউন্সিলে তাঁর এই আবেদন জমা দেওয়া হয়।
এদিকে শতাধিক গুম ও হত্যার অভিযোগের মামলায় আজ ট্রাইব্যুনাল-১ এ ১৫তম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ চলছে। রাষ্ট্রপক্ষের এই সর্বশেষ সাক্ষী ও মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন। গত ৩০ সেপ্টেম্বর তাঁর সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল। তদন্তকালে সংগৃহীত বিভিন্ন তথ্য-উপাত্ত ও গুরুত্বপূর্ণ আলামত আজ ট্রাইব্যুনালে তুলে ধরছেন তিনি।
প্রসিকিউশন জানিয়েছে, মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের মাধ্যমে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগগুলো প্রমাণিত হয়েছে। তদন্ত কর্মকর্তার জবানবন্দি ও জেরা শেষ হলে আসামিপক্ষ সাফাই সাক্ষ্য দেওয়ার সুযোগ পাবে এবং এরপর মামলার চূড়ান্ত যুক্তিতর্ক শুরু হবে।
উল্লেখ্য, জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মোট তিনটি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এর মধ্যে ২০১১ সালে গাজীপুরের পুবাইলে সজলসহ তিনজনকে হত্যা এবং ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটায় নজরুল ও মল্লিকসহ অন্তত ৫০ জনকে গুম ও হত্যার অভিযোগ অন্যতম।
Comments