রাড্ডা ক্লিনিকের ঘটনায় কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের
রাজধানীর মিরপুরে রাড্ডা মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় সরকার বা ক্ষমতাসীন দলের পক্ষ থেকে নেওয়া কেবল সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ২টা ২৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, 'রাতের অন্ধকারে রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় অবশেষে সরকার ও সরকারি দল বাধ্য হয়ে সাংগঠনিক পদক্ষেপ নিতে শুরু করেছে। কিন্তু এত বড় অপকর্মের জন্য শুধু সাংগঠনিক পদক্ষেপ মোটেই যথেষ্ট নয়। কালপ্রিটদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। দেশবাসী দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনি পদক্ষেপ দেখতে চায়।'
একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত ও লুণ্ঠিত স্বাস্থ্যকেন্দ্রটি টেকসইভাবে দ্রুত পুনর্নির্মাণের দায়িত্ব সরকারকে পালনের আহ্বান জানান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে মিরপুর-১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ন্যক্কারজনক ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম জোরালোভাবে আলোচনায় আসে।
তীব্র সমালোচনার মুখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আজ বৃহস্পতিবার দুপুরে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও জানান যে, গোয়েন্দা প্রতিবেদনে এই ঘটনায় স্থানীয় এক সংসদ সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comments