ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল প্রায় ১২ টাকা, আজ রাত থেকেই কার্যকর
বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি তেল ফার্নেস অয়েলের দাম এক লাফে লিটারপ্রতি প্রায় ১২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফার্নেস অয়েলের দাম লিটারে ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়ে ১০৮ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে বিইআরসির সচিব নজরুল ইসলাম সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ার এই সিদ্ধান্ত জানানো হয়। আজ রাত ১২টা থেকেই নতুন এই দাম কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিইআরসির গত ২২ ফেব্রুয়ারির আদেশ অনুযায়ী ২৯ আগস্ট থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রকাশিত ফার্নেস অয়েলের প্ল্যাটস রেটের গড়, চলতি সেপ্টেম্বর মাসে আমদানিকৃত ক্রুড অয়েলের সিআইএফ মূল্য এবং মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনা করে বিইআরসি আইন, ২০০৩-এর ২২(খ) ও ৩৪ ধারার প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক সরবরাহকৃত ফার্নেস অয়েলের মূল্যহার সমন্বয় করা হয়েছে।
এর আগে বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে জ্বালানি হিসেবে ব্যবহৃত ফার্নেস অয়েলের প্রতি লিটারের দাম ছিল ৯৬ টাকা ৮৬ পয়সা। দাম উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব উৎপাদন খরচ ও বিদ্যুৎ খাতে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
Comments