নিউগিনি প্রোপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার
রাজধানীর ইসিবি চত্বর এলাকায় অবস্থিত নিউগিনি প্রোপার্টিজে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের 'ব্রাউনফিস স্টুডিওতে' হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টা ৪৫ মিনিটে ডিবি গুলশান বিভাগের একটি দল রমনা থানাধীন সেগুনবাগিচার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ৬৬ বছর বয়সী গোলাম মহিউদ্দিন চৌধুরীর স্থায়ী ঠিকানা রাজধানীর খিলগাঁওয়ের মালিবাগ বাজার রোড এলাকায় হলেও বর্তমানে তিনি মিরপুর ডিওএইচএসের একটি বাসায় বসবাস করছিলেন। তার বাবার নাম মো. আবুল ফয়েজ চৌধুরী ও মায়ের নাম মিসেস হাসমত আরা বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলা নম্বর-১৪ এর চার নম্বর এজাহারভুক্ত আসামি হলেন এই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল। দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৩৮০, ৪২৭, ১১৪ ও ৩৪ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
ওই মামলায় বেআইনি সমাবেশ, অনধিকার প্রবেশ, মারধর, গুরুতর জখম, ভাঙচুর, চুরি এবং হত্যাচেষ্টার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় তদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে একই মামলায় নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিজানুর রহমান (৫৯) নামের অপর এক আসামিকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ।
Comments