দখলমুক্ত হলো মিরপুরের রাড্ডা ক্লিনিক, টাঙানো হলো নিজস্ব সাইনবোর্ড
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনার কয়েকদিনের মাথায় অবশেষে প্রতিষ্ঠানটিকে দখলমুক্ত ঘোষণা করা হয়েছে। সরিয়ে ফেলা হয়েছে দখলদারদের টাঙানো সাইনবোর্ড এবং সেখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্যসেবা কেন্দ্রটির নিজস্ব সাইনবোর্ড।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও ক্লিনিকসংশ্লিষ্ট ব্যক্তিরা সম্মিলিতভাবে এই উদ্যোগ নেন।
এদিকে হামলা ও ভাঙচুরের ক্ষত পুরোপুরি না শুকাতেই ক্লিনিকটিতে জরুরি সংস্কারকাজ শুরু হয়েছে। কর্মীরা দ্রুত ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন। তবে এর মধ্যেও চিকিৎসাসেবা পুরোপুরি বন্ধ রাখা হয়নি। ক্লিনিকের ভেতরে স্বাস্থ্যকর্মীরা অবস্থান নিয়ে সেবা দেওয়ার পাশাপাশি বাইরে চেয়ার-টেবিল বসিয়েও রোগীদের প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে আকস্মিক হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ ছিল, হামলার পর প্রতিষ্ঠানটির নির্ধারিত স্থান জবরদখল করে সেখানে 'সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড'-এর নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছিল।
এই ন্যক্কারজনক ঘটনার পর পুলিশি তৎপরতা জোরালো করা হয়। এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে।
Comments