দখলবাজি ও চাঁদাবাজি করতে গিয়ে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালাচ্ছে বিএনপির সন্ত্রাসীরা: জামায়াত
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে অভিযোগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপির সন্ত্রাসীরা দখলবাজি ও চাঁদাবাজি করতে গিয়ে জনগণের সেবায় নিয়োজিত স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালেও হামলা চালাচ্ছে। ত্রাসের রাজত্ব কায়েম করে জনগণের সম্পদ দখলের এই অপচেষ্টা তাদের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) এক বিবৃতির মাধ্যমে তিনি এই ক্ষোভ ও নিন্দা জানান।
রাজধানীর নয়াপল্টনে ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালে ভাঙচুর ও স্টাফদের মারধর, মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুড়িয়ে দেওয়া এবং কনটেন্ট ক্রিয়েটর ও জুলাইযোদ্ধা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাটের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
গত ২৫ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরপুর-১-এ নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। একজন নারী এমপির মদদপুষ্ট বিএনপির সন্ত্রাসীরা এই হামলা চালিয়ে স্থাপনাটি গুঁড়িয়ে দেয় এবং সেখানে সাইনবোর্ড টাঙিয়ে দখল নেওয়ার চেষ্টা করে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
গত ২৬ সেপ্টেম্বর শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে অবস্থিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে রামদা ও কুড়াল নিয়ে হামলা চালানো হয়। বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর ও মূল্যবান সম্পদ লুটপাটের এই ঘটনার তীব্র নিন্দা জানান জামায়াত নেতা।
বিএনপির একটি অংশ গত শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালে ভাঙচুর চালায়। কথিত স্বেচ্ছাসেবক দল ও যুবদল নেতা লিয়ন ও ফরহাদের নেতৃত্বে রাতভর মব তৈরি করে হাসপাতালের গ্লাস ও সিসি ক্যামেরা ভাঙচুর এবং রিসিপশনের কর্মকর্তাদের মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ক্রমান্বয়ে প্রশ্নবিদ্ধ ও রহস্যজনক হয়ে উঠছে। নাগরিকদের জানমালের নিরাপত্তা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট মহলের প্রতি জোরালো আহ্বান জানান।
তিনি আরও বলেন, যখন সরকারি স্বাস্থ্যবিভাগ জনগণের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে, তখন সাধারণ মানুষের ভরসাস্থল বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এমন সন্ত্রাসী হামলা ও দখলবাজি নতুন করে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। অনতিবিলম্বে দেশের সব বেসরকারি প্রতিষ্ঠান ও হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান জামায়াত সেক্রেটারি।
Comments