জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
আসন্ন ফসল কাটার মৌসুম সামনে রেখে কৃষি খাতে তীব্র শ্রমিক সংকট এড়াতে বিদেশি শ্রমিকদের দ্রুত ভিসা দেওয়ার বিশেষ সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করা হলেও খামার মালিক ও কৃষকদের কথা বিবেচনা করে নির্দিষ্ট কৃষি দক্ষতার অধিকারী শ্রমিকদের ভিসায় এই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সরকারের এই সময়োপযোগী পদক্ষেপে হঠাৎ করে শ্রমিক ঘাটতিতে পড়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা অনেকটাই কেটে গেছে। এতে দেশটির খামার মালিক ও কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
বিশ্বের অন্যতম প্রধান গম, বার্লি ও ক্যানোলা রপ্তানিকারক দেশ অস্ট্রেলিয়া। আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই দেশটির মাঠ থেকে ফসল তোলার মূল মৌসুম শুরু হতে যাচ্ছে। প্রতিবছরই এই সময়ে বিপুল পরিমাণ বিদেশি মৌসুমি শ্রমিকের প্রয়োজন হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে অভিবাসীর সংখ্যা কমানোর সরকারি নীতির কারণে ভিসা প্রক্রিয়াকরণের গতি বেশ শ্লথ হয়ে পড়েছিল। যেখানে আগে মাত্র কয়েক দিনের মধ্যে ভিসা মিলত, সেখানে বর্তমানে তা পেতে কয়েক মাস পর্যন্ত সময় লাগছিল। কৃষকদের এই চরম বিপদের কথা বিবেচনা করেই সরকার বিশেষ এই ছাড় দিয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে নিবন্ধিত কৃষিভিত্তিক বিভিন্ন সংস্থা জরুরি প্রয়োজন দেখিয়ে কৃষিশ্রমিকদের দ্রুত ভিসার জন্য আবেদন করতে পারবে। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দেশটির বিভিন্ন কৃষক সংগঠনের নেতারা। তারা বলছেন, এই ব্যবস্থার ফলে ফসল তোলার মোক্ষম সময়ে খামারগুলোতে প্রয়োজন অনুযায়ী বিদেশি শ্রমিকদের নিরবচ্ছিন্ন উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হবে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে, যেসব বিদেশি শ্রমিকের কৃষিকাজে বিশেষ দক্ষতা রয়েছে এবং ইতোমধ্যে দেশটির কোনো খামার মালিক বা প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন, তাদের ভিসা দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
Comments