দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম
রাজধানীর শেরেবাংলা নগর থানায় দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রিপন হোসেন এই আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দীন আসামি এমপি গাজী নজরুলকে দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের উল্টো পাশের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার রাতেই এমপি গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে নিহতের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে এমপি গাজী নজরুল, প্রথম স্ত্রী মাকছুদা বেগম এবং নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আলোচিত এই মামলায় গত সোমবার (২১ সেপ্টেম্বর) আদালতে তোলা হলে আদালত এমপি গাজী নজরুলের চার দিন এবং তাঁর প্রথম স্ত্রী মাকসুদার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। এ ছাড়া গত বুধবার (২৩ সেপ্টেম্বর) এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নিহত মরিয়মের মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়।
Comments