৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: সাবেক ৭ এমপিসহ ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা
প্রায় ৭৭ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক সাত সংসদ সদস্য, তাদের স্ত্রীসহ মোট ১৮ জনের বিরুদ্ধে ১৬টি পৃথক মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে এসব মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।
দুদকের অনুমোদন পাওয়া মামলার আসামিদের মধ্যে রয়েছেন কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ ও আবদুর রউফ, কুষ্টিয়া-১ আসনের মো. রেজাউল হক চৌধুরী, হবিগঞ্জ-৩ আসনের মো. আবু জাহির, ফেনী-৩ আসনের হাজী রহিম উল্লাহ, লক্ষ্মীপুর-২ আসনের নুর উদ্দিন চৌধুরী নয়ন এবং সংরক্ষিত নারী আসন-৩৩৫-এর সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।
এ ছাড়া মামলার তালিকায় রয়েছেন বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জা, যশোর পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম চাকলাদার, সাংবাদিক নঈম নিজাম এবং খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমান।
দুদক জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করা হবে। মামলাগুলোতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারা প্রয়োগ করা হবে। কিছু আসামির ক্ষেত্রে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারাও প্রযোজ্য হবে।
দুদক সচিবের ভাষ্য অনুযায়ী, অনুমোদিত ১৬টি মামলা পৃথকভাবে দায়ের করা হবে।
Comments