ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ এলজিআরডি মন্ত্রীর
ঢাকা মহানগরীর দীর্ঘদিনের সমস্যা—যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও টেকসই উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, বড় শহরে রাস্তায় মানুষের মূল্যবান সময় নষ্ট হলে তার বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে অর্থনীতিতে। তাই নগরবাসীর যাতায়াত সহজ ও স্বাভাবিক রাখতে যানজট কমানোর কার্যকর উদ্যোগ নিতে হবে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর নেওয়া কর্মসূচির কথা স্মরণ করে তিনি পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার তাগিদ দেন। বিশেষ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে নিয়মিত অভিযান চালানোর ওপর জোর দেওয়া হয়।
সভায় যানজট ও ডেঙ্গুর পাশাপাশি খাল খনন, জলাবদ্ধতা দূরীকরণ এবং ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Comments