জাতিসংঘের ওপর আস্থা হারিয়ে গেছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) বার্ষিক অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছে ইরানের একটি উচ্চপর্যায়ীয় প্রতিনিধিদল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, নিউইয়র্কে পৌঁছেই বিশ্ব সংস্থাটির কার্যকারিতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, জাতিসংঘের ওপর থেকে তাদের আস্থা পুরোপুরি হারিয়ে গেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ডের কথা উল্লেখ করে আব্বাস আরাঘচি বলেন, বিশ্বশান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখতে বারবার ব্যর্থ হওয়ায় জাতিসংঘ তার বিশ্বাসযোগ্যতা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা হারিয়েছে। কিছু রাষ্ট্র আন্তর্জাতিক আইন, প্রতিষ্ঠান এবং মানবতার বিবেককে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের ও মিত্রদের জন্য দায়মুক্তি দাবি করছে বলে অভিযোগ করেন তিনি।
ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, একটি অপরাধী সত্তাকে তাদের ইচ্ছেমতো যেকোনো জঘন্য কর্মকাণ্ড চালানোর অবাধ সুযোগ দেওয়া হচ্ছে। অথচ নিজেদের মানবাধিকার ও মানবিক আইনের প্রবক্তা দাবি করা পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলো এ বিষয়ে সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছে।
জাতিসংঘের ওপর অনাস্থা থাকলেও, এই আন্তর্জাতিক মঞ্চকে কাজে লাগিয়ে ইরানের জনগণের বৈধ অধিকার, নিরাপত্তা ও স্বার্থ বিশ্বমঞ্চে জোরালোভাবে তুলে ধরাই তাদের এই সফরের প্রধান উদ্দেশ্য বলে জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী।
চলতি বছর 'আস্থা পুনরুদ্ধার' প্রতিপাদ্য নিয়েই জাতিসংঘের সাধারণ পরিষদের এই অধিবেশন শুরু হতে যাচ্ছে, যা বর্তমান বৈশ্বিক বাস্তবতায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
Comments