রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন স্পিকার
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্পিকারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনে বেইজিংয়ের জোরালো সহযোগিতা কামনা করেছেন স্পিকার।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু এবং উন্নয়নের ক্ষেত্রে সর্বতোভাবে সহায়তা করে আসছে। তিনি স্মরণ করেন যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ-চীন সম্পর্ক উন্নয়নে প্রথম পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও এই সম্পর্ককে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।
স্পিকার উল্লেখ করেন, বিগত ১৫ বছরের স্বৈরাচারী শাসনে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অর্থ পাচার ও গুমের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার হরণ করা হয়েছিল। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।
প্রায় ১২ লাখ রোহিঙ্গার দীর্ঘমেয়াদি অবস্থান বাংলাদেশের জন্য বড় প্রতিকূলতা তৈরি করেছে উল্লেখ করে স্পিকার রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সরকারের বিশেষ ভূমিকা ও সহায়তা কামনা করেন।
বাংলাদেশ সব সময় 'এক চীন নীতি' (ওয়ান চায়না পলিসি) সমর্থন করে এবং ভবিষ্যতেও এই অবস্থান অব্যাহত থাকবে বলে জানান স্পিকার। একই সঙ্গে তিনি ভোলাসহ দেশের সমুদ্র উপকূলীয় এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানে চীনা বাণিজ্যিক কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানান।
বিদায়ী চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর দুই দেশের সম্পর্ককে আরও এক নতুন উচ্চতায় উন্নীত করেছে।
চীনকে বাংলাদেশের উন্নয়নের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত জানান, মেগা প্রকল্পের পাশাপাশি মাঝারি ও ছোট প্রকল্পেও চীনের বিনিয়োগ রয়েছে। বাংলাদেশকে এই অঞ্চলের একটি প্রধান পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় বেইজিং, বিশেষ করে আইসিটি খাতের লজিস্টিক পণ্য উৎপাদনে বাংলাদেশ বড় ভূমিকা রাখতে পারে।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বিনিয়োগ বৃদ্ধি, বাংলাদেশ-মিয়ানমার-চীন করিডোর স্থাপন, রোহিঙ্গা সংকট এবং জ্বালানি খাতের বিভিন্ন ইস্যু নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এছাড়া ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের এক্সিকিউটিভ কাউন্সিলে বাংলাদেশের প্রার্থী জহরত আদিব চৌধুরীকে সমর্থন দেওয়ার আশ্বাস দেয় চীন।
Comments