সরকার বাসভাড়া বাড়াল প্রতি কিলোমিটারে ১৭ পয়সা
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পরিপ্রেক্ষিতে দেশের গণপরিবহনে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বাড়িয়েছে সরকার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এই ভাড়া নির্ধারণ ও কার্যকরের ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকের পর আজ থেকেই নতুন এই ভাড়া কার্যকর করা হয়েছে।
নতুন নির্ধারিত বাসভাড়া
ঢাকা ও চট্টগ্রাম মহানগর: বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হয়েছে।
দূরপাল্লার বাস: কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
ডিটিসিএ এলাকা: ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন এলাকায় কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৪৩ পয়সা থেকে ১৭ পয়সা বেড়ে ২ টাকা ৬০ পয়সা হয়েছে।
সর্বনিম্ন ভাড়া: স্থানভেদে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ৮ ও ১০ টাকাই অপরিবর্তিত রয়েছে।
এর আগে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ায় সরকার। সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হওয়া নতুন দাম অনুযায়ী—ডিজেল: ১৩৫ টাকা প্রতি লিটার, কেরোসিন: ১৩৫ টাকা প্রতি লিটার, অকটেন: ১৬০ টাকা প্রতি লিটার, পেট্রোল: ১৫৫ টাকা প্রতি লিটার।
Comments