জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, সনদ বাস্তবায়নে দ্রুততম সময়ে সংবিধান সংশোধনের বিল আনার উদ্যোগ নেওয়া হয়েছে। অষ্টাদশ সংশোধনীর মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক বিষয়গুলো বাস্তবায়ন করা হবে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংবিধান সংশোধনসংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, জুলাই সনদের বাইরে নির্বাচনী ইশতেহারে থাকা কিছু বিষয়ও সংবিধান সংশোধনের আলোচনায় বিবেচনায় নেওয়া হবে। এসব বিষয়ে জনগণ ভোট দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো সিদ্ধান্ত একতরফাভাবে নেওয়ার সুযোগ নেই। বৈঠকে ১৭টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন বলেও জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন আরও কার্যকর করতে আর্থিক বছর পরিবর্তনের প্রস্তাবও আলোচনায় রয়েছে। প্রস্তাব অনুযায়ী, নতুন আর্থিক বছর ১ এপ্রিল থেকে শুরু হয়ে ৩০ মার্চ পর্যন্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা রয়েছে—এ বিষয়ে রাজনৈতিক দলগুলো আগে একমত হয়েছিল। সংবিধানে থাকা সংশ্লিষ্ট বিষয়গুলো প্রয়োজন অনুযায়ী সংশোধন করা হবে।
উচ্চকক্ষ গঠন নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ এককেন্দ্রিক রাষ্ট্রব্যবস্থার দেশ হলেও উচ্চকক্ষ না থাকার কোনো বাধ্যতামূলক নিয়ম নেই। ফেডারেল ব্যবস্থায় প্রদেশ বা রাজ্যের প্রতিনিধিত্ব থাকে; বাংলাদেশে সে ধরনের কাঠামো না থাকায় উচ্চকক্ষের প্রতিনিধিত্বের ধরন ভিন্ন হতে পারে।
রাষ্ট্র ও সমাজের বিশিষ্ট ও মেধাবী ব্যক্তিদের নিয়ে উচ্চকক্ষ গঠনের ধারণা অতীতেও আলোচনায় এসেছে বলে উল্লেখ করেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রস্তাব এবং বিএনপির ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারেও বিষয়টি ছিল বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিকে, জুলাই সনদ নিয়ে কোনো কোনো রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি সংখ্যাগরিষ্ঠতার কারণে জুলাই সনদ বাস্তবায়নে আগ্রহী নয়, এমন বক্তব্যের কোনো ভিত্তি নেই বলে দাবি করেন সালাহউদ্দিন আহমদ।
তিনি আরও বলেন, এখনো যারা জুলাই সনদে স্বাক্ষর করেনি, তারাও আলোচনায় অংশ নিতে চাইলে সেই সুযোগ রয়েছে। ডিসেম্বরের মধ্যে আলোচনা শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর আলোচনার ভিত্তিতে প্রতিবেদন প্রস্তুত করা হবে।
Comments