সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণ এক কাঠামোয় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর
সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অভিন্ন সিলেবাসের মাধ্যমে প্রশিক্ষণ এবং সনদ প্রদানের ব্যবস্থা করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির তৃতীয় সভায় সভাপতিত্ব করার সময় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করতে এনএসডিএকে কার্যকর ভূমিকা রাখতে হবে। বাংলাদেশের দক্ষ কর্মীদের জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে সুযোগ বাড়াতেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, দেশের যুবসমাজকে কর্মমুখী ও দক্ষ করে তোলা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে নানা ধরনের প্রশিক্ষণ চালু থাকলেও এসব কার্যক্রমের মধ্যে পর্যাপ্ত সমন্বয় না থাকায় প্রশিক্ষণ ও সনদ অনেক ক্ষেত্রে প্রত্যাশিত কার্যকারিতা পাচ্ছে না।
এর ফলে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে এসব সনদের গ্রহণযোগ্যতা এবং স্বীকৃতি নিয়ে তরুণদের সমস্যায় পড়তে হচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী এনএসডিএর গভর্নিং বডিকে দ্রুত একটি ছোট কমিটি গঠন করে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের নির্দেশ দেন। এর মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়ের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমকে একটি অভিন্ন কাঠামোর মধ্যে নিয়ে আসার কথা বলেন তিনি।
অভিন্ন সিলেবাস ও মানসম্মত প্রশিক্ষণ চালুর পাশাপাশি একই ধরনের সনদায়ন ব্যবস্থা প্রতিষ্ঠার ওপরও জোর দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আন্তর্জাতিক মান অনুসরণ করে প্রশিক্ষণ ও সনদায়ন করা সম্ভব হলে দেশের তরুণদের দক্ষতা যেমন বাড়বে, তেমনি দেশীয় ও বৈশ্বিক শ্রমবাজারে তাদের যোগ্যতার স্বীকৃতিও বৃদ্ধি পাবে।
সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুণ, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল এবং এনএসডিএর নির্বাহী চেয়ারম্যানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা সভায় অংশ নেন।
Comments