দীর্ঘ ১৭ বছর শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে: রিজভী
একটি দেশের অগ্রগতির জন্য মানসম্মত শিক্ষা ও কার্যকর শিক্ষাব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, একটি জাতির উন্নয়নে শিক্ষার গুরুত্ব কোনোভাবেই উপেক্ষা করা যায় না। দীর্ঘ সময় শিক্ষাব্যবস্থার বিভিন্ন পর্যায়ে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে এর নেতিবাচক প্রভাব শিক্ষার্থী ও সামগ্রিকভাবে দেশের ওপর পড়েছে।
তিনি অভিযোগ করেন, এমন সময়ও গেছে যখন প্রশ্নপত্র তৈরি করা হলেও শিক্ষার্থীদের প্রকৃত মূল্যায়নের বিষয়টি গুরুত্ব পায়নি। এমনকি প্রভাবশালী মহল থেকে ফোন করে শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। তার মতে, এ ধরনের কর্মকাণ্ড শিক্ষার মানকে ক্ষতিগ্রস্ত করেছে।
রিজভী বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক বিভিন্ন ক্ষেত্রে দ্রুত প্রতিযোগিতা বাড়ছে। এই প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীদের এগিয়ে নিতে হলে তাদের আধুনিক শিক্ষা ও প্রযুক্তিগত দক্ষতায় গড়ে তুলতে হবে।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় প্রযুক্তি, অবকাঠামো ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। শুধু প্রচলিত শিক্ষার মধ্যে শিক্ষার্থীদের সীমাবদ্ধ না রেখে পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তাদের প্রস্তুত করতে হবে।
দেশের উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি শিক্ষা উল্লেখ করে রিজভী বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের জন্য প্রয়োজনীয় প্রণোদনা দিতে হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করাও জরুরি।
নারীর শিক্ষা ও ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিএনপি সরকারে থাকাকালে নারীদের শিক্ষার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে। নারীদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে পারলে পরিবার ও সমাজের পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।
রিজভী আরও বলেন, নারীদের জন্য শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করা প্রয়োজন। বিএনপির পক্ষ থেকে নারীদের অবৈতনিক শিক্ষার সুযোগ স্নাতক পর্যায় পর্যন্ত সম্প্রসারণের কথা বলা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
Comments