বর্জ্য থেকে বিদ্যুৎ, বর্জ্যই হবে সম্পদ: ডিএসসিসি প্রশাসক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) আধুনিক নগরীতে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. আবদুস সালাম।
শনিবার (১৯ সেপ্টেম্বর) কেরানীগঞ্জের সোয়ারীঘাট লঞ্চঘাটে ডিএসসিসির 'বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার' কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। জনগণকে নিজেদের দায়িত্ব সম্পর্কে আরও সচেতন হতে হবে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের মাধ্যমে বর্জ্য থেকেই বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, বর্জ্যকে শুধু আবর্জনা হিসেবে না দেখে সম্পদে পরিণত করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে নগরবাসীর সচেতনতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ।
বুড়িগঙ্গা রক্ষার বিষয়ে প্রশাসক বলেন, নদীটিকে দূষণমুক্ত ও নৌ চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঢাকার চারপাশের নদীগুলো রক্ষায় প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি কর্মসূচির ক্ষেত্রে সংঘাত এড়িয়ে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।
Comments