দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণমন্ত্রী
দেশের চিকিৎসা খাতে পর্যাপ্ত সার্জন ও অধ্যাপক থাকলেও কোনো দূরদর্শী পরিকল্পনা বা ভিশনারি প্ল্যানিং নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রোগীদের সেবায় যেকোনো জরুরি মুহূর্তে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে না পারলে স্বাস্থ্য খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন মন্ত্রী। সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতে নানা উদ্যোগ নেওয়ার পাশাপাশি পর্যাপ্ত বাজেট বরাদ্দ করেছে। এই বরাদ্দকৃত বাজেটকে সঠিকভাবে কাজে লাগানোর ওপর জোর দেন তিনি।
বর্তমানে দেশে কার্ডিয়াক রোগীর সংখ্যা বাড়লেও চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এসেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, হার্টের বিভিন্ন চেকআপ ও চিকিৎসার জন্য এখন আর দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। দেশের সম্ভাবনাময়ী সার্জন ও অধ্যাপকদের যথাযথভাবে কাজে লাগাতে হবে।
সেমিনারে স্মরণ করা হয় যে, ১৯৮১ সালের ১৮ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম সফল ওপেন-হার্ট সার্জারি সম্পন্ন হয়েছিল। ঐতিহাসিক সেই দিনটি থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত দেশের কার্ডিয়াক সার্জারি বিভাগ সফলভাবে ৪৫ বছর পূর্ণ করল।
Comments