একদিনে ডেঙ্গু ও হাম উপসর্গে মৃত্যু ১৫
দেশজুড়ে হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৪৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১ হাজার ৪৪ শিশুর প্রাণ গেল।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৫৩ জন। এ নিয়ে চলতি বছরে ১৭১ জনের মৃত্যু হয়েছে। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৬ হাজার ৯১৬ জন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে ও হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ সিলেট বিভাগে তিনজন মারা গেছে। এই সময়ে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩২০ জন শিশু দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে; যাদের মধ্যে ঢাকা বিভাগে ৫০৯ জন, রাজশাহীতে ২৯, সিলেটে ১৯৪, চট্টগ্রামে ২৮৬, বরিশালে ১২৫, ময়মনসিংহে ৬৩, খুলনায় ৯৭ এবং রংপুরে ১৭ জন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৫৪ হাজার ৪২০ জন রোগী। তাদের মধ্যে ১ লাখ ৪৮ হাজার ৪৬৫ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৯৮ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২০ হাজার ২৮২ শিশু।
এদিকে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৫৩ জন। এ নিয়ে চলতি বছরে ১৭১ জনের মৃত্যু হয়েছে। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৬ হাজার ৯১৬ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৯৪ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৭৫ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৭৪ জন, খুলনা বিভাগে ৩৪৯ জন, ময়মনসিংহ বিভাগে ৮৩ জন, রংপুর বিভাগে ৫৩ জন এবং সিলেট বিভাগে ৯ জন রয়েছেন।
Comments