একনেক সভায় অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প
রাজধানীর গণপরিবহন ব্যবস্থা আরও সম্প্রসারণে তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলো বাস্তবায়নে সম্মিলিতভাবে ব্যয় হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একনেকের বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- মেট্রোরেল লাইন-৫ সাউদার্ন রুট, মেট্রোরেল লাইন-১ এবং মেট্রোরেল লাইন-৫ নর্দান রুট।
এর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) অর্থায়ন করছে এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পে। এ দুটি প্রকল্পের ব্যয় ও মেয়াদ সংশোধনের প্রস্তাব একনেকের বৈঠকে অনুমোদন পেয়েছে।
অন্যদিকে, গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পটি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রথমে একনেকের সভায় শুধু এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্প উপস্থাপনের পরিকল্পনা ছিল। পরে প্রকল্পগুলোর অগ্রগতি ও বাস্তবায়ন কার্যক্রম সমন্বয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ নর্দানের সংশোধিত ব্যয় ও মেয়াদ সংক্রান্ত প্রস্তাবও একই বৈঠকে তোলা হয়।
জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন এমআরটি লাইন-১-এর দৈর্ঘ্য ৩১ দশমিক ২৪ কিলোমিটার। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত এই প্রকল্পে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা।
এমআরটি লাইন-৫ নর্দান রুটের দৈর্ঘ্য ২০ কিলোমিটার। হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা।
অন্যদিকে, গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত এমআরটি লাইন-৫ সাউদার্ন রুটের মোট দৈর্ঘ্য ১৭ দশমিক ২০ কিলোমিটার। এর মধ্যে ১৩ দশমিক ১০ কিলোমিটার অংশ হবে পাতালপথ। নতুন এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা।
তিনটি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকার মধ্যে মেট্রোরেল যোগাযোগ আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
Comments