সরকারি অফিসে উপস্থিতি ও জবাবদিহি নিশ্চিতে ডিজিটাল হাজিরার নির্দেশ
সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি ও জবাবদিহি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি কর্মকাণ্ডে অনিয়ম ও দুর্নীতি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও জোর দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে নতুন সরকারের প্রথম সচিব সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভাটি বিকেল সাড়ে ৪টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হয়। এতে ৬১ জন সচিব উপস্থিত ছিলেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রায় সাত মাস পর অনুষ্ঠিত হলো এই সচিব সভা। এর আগে সর্বশেষ সচিব সভা হয়েছিল ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এবারের সভায় প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল, জনকল্যাণমুখী ও কার্যকর করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সরকারি সেবায় অনিয়ম, দুর্নীতি ও হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
সচিব সভায় চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়েও আলোচনা হয়। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ার সম্ভাব্য প্রভাব মোকাবিলায় আমদানিনির্ভর জ্বালানির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশেষ করে সরকারি ভবন ও স্থাপনায় সৌর প্যানেল স্থাপন, বেসরকারি খাতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো এবং বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তির অংশ বাড়ানোর বিষয়গুলো আলোচনায় আসে।
এ ছাড়া সরকারি চাকরির শূন্য পদ পূরণ, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচিগুলোর বাস্তবায়ন জোরদারের বিষয়েও সচিবদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রেও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। উপকারভোগী নির্বাচন থেকে শুরু করে সরকারি অর্থ ব্যয়ের পুরো প্রক্রিয়ায় যথাযথ নজরদারি রাখার বিষয়েও আলোচনা হয়।
সচিব সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, বৈঠকে মূলত সরকারি কাজের দক্ষতা বাড়ানো এবং কোন কাজ কীভাবে আরও কার্যকরভাবে করা যায়, সে বিষয়ে সচিবদের তাগিদ দেওয়া হয়েছে।
Comments