দণ্ডপ্রাপ্ত ৫ নেতার ৫০ শতাংশ সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ ট্রাইব্যুনালের
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাত আসামির মধ্যে পাঁচজনের অর্ধেক সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাজেয়াপ্ত করা এই সম্পদ জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারকে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামির মধ্যে ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বাদে বাকি পাঁচজনের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা হলেন: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল
বর্তমানে মামলার সব আসামিই পলাতক রয়েছেন।
রায় ঘোষণার পর ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের আইন ও বিধি অনুযায়ী অপরাধীদের ৭৫ শতাংশ পর্যন্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রয়েছে। এই প্রথম ট্রাইব্যুনাল আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তির ৫০ শতাংশ বাজেয়াপ্ত করার রায় দিলেন। বাজেয়াপ্ত হওয়া এই সম্পত্তি জুলাই ফাউন্ডেশন বা কোনো বিধিবদ্ধ প্রতিষ্ঠানের মাধ্যমে শহীদ ও আহতদের পরিবারগুলোর মধ্যে বণ্টন করতে বলা হয়েছে।
রায়ের প্রতিক্রিয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করে জানান, জুলাই অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত এবং ২৫ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন; এই রায়ের মাধ্যমে শহীদ ও আহতদের প্রতি ঐতিহাসিক ন্যায়বিচার নিশ্চিত করা হলো।
Comments