২০৩০ সালের মধ্যে নারায়ণগঞ্জ-ঢাকা-গাজীপুর রুটে আসছে বৈদ্যুতিক ট্রেন
নারায়ণগঞ্জ সদর থেকে জয়দেবপুর রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলাকে যুক্ত করতে এবং যোগাযোগ সহজ ও সাশ্রয়ী করতে ২০৩০ সালের মধ্যে এই ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।
আগামীকাল বুধবার অনুষ্ঠেয় একনেক বৈঠকে অনুমোদনের জন্য প্রকল্পটি উপস্থাপন করা হবে। পরিকল্পনা কমিশন এটি অনুমোদনের সুপারিশ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ রেলওয়ের বাস্তবায়নাধীন এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮২৩ কোটি টাকা। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) ২ হাজার ৮৮০ কোটি টাকা ঋণ সহায়তা দেবে এবং বাকি প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা সরকারের নিজস্ব অর্থায়ন।
প্রকল্পের আওতায় রেললাইনের ওপর 'ওভারহেড ওয়্যার' বা বিদ্যুতের তার স্থাপন, ট্রাকশন সাবস্টেশন নির্মাণ এবং আধুনিক ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন ও স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা যুক্ত করা হবে। সংশ্লিষ্টদের মতে, বৈদ্যুতিক ট্রেন চালু হলে ৪০ শতাংশ জ্বালানি সাশ্রয় হবে। পাশাপাশি পরিচালনা ব্যয় ৩৫ শতাংশ, রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ শতাংশ এবং কার্বন নিঃসরণ ২০ থেকে ৩০ শতাংশ কমে আসবে। আধুনিক এই ট্রেনের ফলে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে যাতায়াতের সময় উল্লেখযোগ্য হারে কমে যাবে।
Comments