পুলক চ্যাটার্জির মৃত্যুর তিনদিন পর বকেয়া ১০ লাখ টাকা পরিশোধ করল ‘সমকাল’
দৈনিক সংবাদপত্র সমকালের সাবেক বরিশাল ব্যুরোপ্রধান পুলক চ্যাটার্জির পরিবারের পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করেছে কর্তৃপক্ষ। সংবাদপত্রটির কার্যালয় থেকে তাঁর মৃতদেহ উদ্ধারের তিন দিন পর এই অর্থ পরিশোধ করা হলো।
সমকালের বর্তমান বরিশাল ব্যুরোপ্রধান সুমন চৌধুরী জানান, গত ১৪ সেপ্টেম্বর পুলক চ্যাটার্জির স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জির ব্যাংক হিসাবে ওই বকেয়া টাকা জমা দেওয়া হয়।
গত ১১ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় বরিশাল নগরীর পরারা রোডে অবস্থিত সমকাল কার্যালয়ের ভেতর থেকে ৫৭ বছর বয়সী পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ২০২৩ সালের মে মাসে তাঁকে সমকাল থেকে অব্যাহতি দেওয়া হয়, এরপর থেকেই তিনি বেকার ও গভীর মানসিক সংকটে ছিলেন বলে জানান স্বজনেরা। পুলক একসময়ে বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছিলেন।
চিরকুটে ছিল পাওনা পরিশোধের অনুরোধ
মৃত্যুর আগে পুলক পাঁচটি চিরকুট লিখে যান। এর মধ্যে বর্তমান ব্যুরোপ্রধান সুমন চৌধুরীকে উদ্দেশ করে লেখা একটি চিরকুটে তিনি সমকাল কার্যালয়ে থাকা তাঁর পাওনা টাকাগুলো উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন। এ ছাড়া স্ত্রী প্রিয়াঙ্কা ও একমাত্র মেয়ে প্রকৃতি এবং ছোট ভাই দীপক চ্যাটার্জির কাছে রেখে যাওয়া বার্তায় তিনি ক্ষমা ও পরিবারের দেখাশোনার অনুরোধ জানান।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা। তবে উদ্ধারকৃত চিরকুটগুলোর সত্যতা যাচাই এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
Comments