শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী, গুমের নির্দেশদাতাও তিনি: স্পিকার
শেখ হাসিনাকে 'বিশ্বের সেরা অভিনেত্রী' আখ্যা দিয়ে তিনি নিজেই গুমের নির্দেশ দিতেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলা মিলনায়তনে নাগরিক সমাজ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুমের শিকার ব্যক্তিদের সাক্ষ্য ও বিভিন্ন তথ্য-প্রমাণের মাধ্যমে এখন বিষয়গুলো জনগণের সামনে স্পষ্ট হয়েছে। তার দাবি, শেখ হাসিনা একদিকে গুমের নির্দেশ দিতেন, অন্যদিকে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের গণভবনে ডেকে এনে তাদের সান্ত্বনা দিতেন।
তিনি বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্ত্রী-সন্তানদের মাথায় হাত রেখে তাদের ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হতো। অথচ শেখ হাসিনা নিজেই জানতেন, নিখোঁজ ব্যক্তিরা কোথায় রয়েছেন।
মেজর হাফিজ উদ্দিন বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে শেখ হাসিনা এমন এক ধরনের অভিনয় করেছেন, যা তার ভাষায় তাকে 'বিশ্বের সেরা অভিনেত্রীতে' পরিণত করেছে। তখন সাধারণ মানুষ বিষয়টি বুঝতে না পারলেও বর্তমানে অনেক তথ্য সামনে আসায় পরিস্থিতি পরিষ্কার হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আয়নাঘরের প্রসঙ্গ তুলে স্পিকার বলেন, একজন ব্যারিস্টারকে দীর্ঘ আট বছর হাতকড়া পরিয়ে সেখানে বন্দি রাখা হয়েছিল। তার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা অত্যন্ত নির্মম ও নিন্দনীয় বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার দেশত্যাগ প্রসঙ্গে মেজর হাফিজ উদ্দিন বলেন, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন। তার ভাষ্য অনুযায়ী, শুধু তিনি নন, ওই সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা অনেক ব্যক্তিও দেশ ছেড়েছেন। এমনকি বিচার বিভাগের একজন বিচারপতি এবং বায়তুল মোকাররম মসজিদের ইমামও দেশ ছেড়ে গেছেন বলে তিনি দাবি করেন।
মতবিনিময় সভায় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা যুবদলের সভাপতি শাজিনুর ইসলাম কবির হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
Comments