ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার পাশাপাশি গণসচেতনতা জরুরি
ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সম্মিলিতভাবে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পাড়াগাঁও ঈদগাহ মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি এবং রূপগঞ্জ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন যৌথভাবে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ সময় প্রতিটি এলাকায় দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করে পরিচ্ছন্নতা নিশ্চিত ও মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
তিনি জানান, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বর্তমান ৫০ শয্যা থেকে ১৫১ শয্যার আধুনিক হাসপাতালে উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এর বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের পাশাপাশি স্থানীয় জনগণসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, রূপগঞ্জে প্রায় ২০ লাখ মানুষের বসবাস। এত বিপুল জনসংখ্যার জন্য বর্তমানে একটি সরকারি হাসপাতালের শয্যা সংখ্যা পর্যাপ্ত নয়।
তিনি বলেন, ৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ ইতিবাচক হলেও রূপগঞ্জের মানুষের প্রয়োজন বিবেচনায় হাসপাতালটিকে ২৫১ শয্যায় উন্নীত করা প্রয়োজন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে কয়েক হাজার মানুষকে ১৩টি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, মহিলা আসন-৩২৮-এর সংসদ সদস্য মমতাজ আলো, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ গোলাম ফারুক খোকনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
এ ছাড়া রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, মাহাবুবুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।
Comments