বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত গার্মেন্টস খাত, উৎপাদন অর্ধেকেরও নিচে: জামায়াত আমির
বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রভাব দেশের শিল্প খাতে ব্যাপকভাবে পড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তার দাবি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অভাবে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের উৎপাদন ইতোমধ্যে ৫০ শতাংশের নিচে নেমে গেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, শিল্পকারখানার উৎপাদন সচল রাখতে বিদ্যুৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্যাস, তেল ও সৌরশক্তিসহ বিভিন্ন উৎস কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের সুযোগ থাকলেও বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি সংকট দেশের শিল্প খাতকে বড় ধরনের চাপের মধ্যে ফেলেছে।
তিনি বলেন, দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক। সম্প্রতি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর প্রতিনিধিরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে বিদ্যুৎ সরবরাহের সংকটের বিষয়টি জানিয়েছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রয়োজনীয় বিদ্যুৎ না পাওয়ায় অনেক কারখানায় উৎপাদন সক্ষমতা ৫০ শতাংশের নিচে নেমে গেছে।
জামায়াত আমির বলেন, উৎপাদন ব্যাহত হলে শিল্পপ্রতিষ্ঠানগুলোর ওপর আর্থিক চাপ আরও বাড়বে। ব্যাংকঋণ পরিশোধে ব্যর্থ হয়ে অনেক প্রতিষ্ঠান খেলাপিতে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে। একই সঙ্গে শ্রমিকদের ধরে রাখা কঠিন হয়ে পড়বে এবং বাধ্য হয়ে ছাঁটাইয়ের পথেও যেতে হতে পারে।
তিনি আরও বলেন, সময়মতো বিদেশি ক্রেতাদের অর্ডার সরবরাহ করতে না পারলে তারা অন্য দেশের উৎপাদকদের কাছে চলে যেতে পারেন। এমনকি বিদ্যমান অর্ডার বাতিল হওয়ার আশঙ্কাও রয়েছে। একবার কোনো আন্তর্জাতিক ক্রেতা অন্য দেশে চলে গেলে তাকে আবার বাংলাদেশের বাজারে ফিরিয়ে আনা কঠিন হতে পারে।
শফিকুর রহমান বলেন, পোশাক উৎপাদনে বাংলাদেশ একা নয়; বিশ্বের আরও অনেক দেশ এ খাতে প্রতিযোগিতা করছে। ফলে উৎপাদন ও সরবরাহে সমস্যা দেখা দিলে আন্তর্জাতিক ক্রেতাদের বিকল্প দেশে যাওয়ার সুযোগ তৈরি হয়।
দেশের বৃহত্তম রপ্তানি খাতের এমন পরিস্থিতি হলে অন্যান্য শিল্প খাতের অবস্থাও সহজেই অনুমান করা যায় বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের মধ্যেও অনেক গার্মেন্টস ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা রয়েছেন। গত ৯ সেপ্টেম্বর সংসদে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহও পোশাকশিল্পের ব্যবসায়ীদের সংকট, সম্ভাব্য ক্ষতি ও উদ্বেগের বিষয়টি তুলে ধরেছেন।
এর আগে শনিবার সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামে ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আব্দুল মালেকের কবর জিয়ারত করেন ডা. শফিকুর রহমান। সেখানে তিনি ফাতিহা পাঠ করেন এবং মরহুমের শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
Comments