আগামী তিন মাস ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় বলে সতর্ক করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি এডিস মশার বংশবিস্তারের জায়গাগুলো চিহ্নিত করে দ্রুত ধ্বংস করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা অত্যন্ত জরুরি। বাড়ির ছাদ, ফুলের টব, বিভিন্ন পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা কিংবা অন্য কোনো স্থানে পানি জমে থাকলে সেখানে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই এসব জায়গা নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়; সাধারণ মানুষকেও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। জনসচেতনতা তৈরির পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা গেলে এডিস মশার বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
প্রতিমন্ত্রী আরও বলেন, ডেঙ্গু মোকাবিলায় দেশব্যাপী সমন্বিতভাবে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।
পরে তিনি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতাল এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় তিনি নিজ হাতে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং পানি জমে থাকা বিভিন্ন স্থান পরিষ্কারের পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের কাজে অংশ নেন।
এর আগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আব্দুল কুদ্দুছ, জেনারেল হাসপাতালের উপপরিচালক খন্দকার সাদিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।
Comments