উদ্ভাবন ও গবেষণায় সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
সমৃদ্ধ, উন্নত ও জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা ও গবেষকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের উদ্ভাবন ও গবেষণার অগ্রযাত্রায় উদ্যোক্তা এবং গবেষকদের প্রয়োজনীয় সহায়তা দিতে সরকার সবসময় পাশে থাকবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত নভোথিয়েটারে 'বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশ পরিচালনায় সবার সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কাঙ্ক্ষিত রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার একা নয়, দেশের প্রতিটি নাগরিকের অংশগ্রহণ জরুরি। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন বক্তার বক্তব্যের প্রশংসা করে তারেক রহমান বলেন, ইনোভেশন ও উদ্ভাবন নিয়ে আগের বক্তাদের আলোচনা এবং বিশেষ করে ড. আনিসুজ্জামানের উপস্থাপনায় ভবিষ্যৎ করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পাওয়া গেছে। এসব পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা সম্ভব হলে নির্ধারিত লক্ষ্য অর্জন করা সহজ হবে বলেও তিনি উল্লেখ করেন।
দেশের অর্থনৈতিক ও সামগ্রিক উন্নয়নে উদ্ভাবক, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সময়ের চাহিদা পূরণে নতুন চিন্তা, প্রযুক্তি ও উদ্ভাবনী শক্তি নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। উদ্যোক্তা ও গবেষকদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
পরে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে 'বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬'-এর উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী, দেশি-বিদেশি উদ্ভাবক এবং গবেষকরা উপস্থিত ছিলেন।
Comments