‘সংসদে কথা বলতে না দেওয়ায় রাজপথে নামতে বাধ্য হয়েছি’
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই—এমন মন্তব্য করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের দুর্ভোগের কথা জাতীয় সংসদে তুলে ধরার চেষ্টা করেও সুযোগ পাওয়া যাচ্ছে না। সংসদে কথা বলতে না দেওয়ায় জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নামতে হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের একটি স্থানীয় মাদরাসা মাঠে উপস্থিত জনতার উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশে বিদ্যুৎ ও সারের সংকট তীব্র আকার ধারণ করেছে। এসব সংকটে সাধারণ মানুষ কষ্টে দিন কাটাচ্ছেন। জনগণের এই দুর্ভোগের কথা জাতীয় সংসদে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সরকার তাদের কথা বলার সুযোগ দিচ্ছে না। তাই জনগণের অধিকার আদায়ের দাবিতে রাজপথে নামতে হয়েছে।
এর আগে সকালে একই গ্রামের ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আব্দুল মালেকের কবর জিয়ারত করেন জামায়াতে ইসলামীর আমির। এ সময় তিনি কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করেন এবং আব্দুল মালেকের শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
কবর জিয়ারত শেষে স্থানীয় একটি মাদরাসায় আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ডা. শফিকুর রহমান।
তার আগমন উপলক্ষে সকাল থেকেই মাদরাসা মাঠে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। মানিকপোটল (মরিচতলা) গ্রামে পৌঁছালে স্থানীয়রা তাকে অভ্যর্থনা জানান। এ সময় তিনি হাত নেড়ে উপস্থিত মানুষের শুভেচ্ছার জবাব দেন।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার রাতে বগুড়ায় পৌঁছে সার্কিট হাউসে অবস্থান করেন ডা. শফিকুর রহমান। শনিবার ভোর সোয়া ৫টার দিকে তিনি সেখান থেকে ধুনটের উদ্দেশে রওনা হন।
Comments