দেশীয় উদ্ভাবন বাজারমুখী করার তাগিদ প্রধানমন্ত্রীর
দেশীয় উদ্ভাবনকে গবেষণাগার থেকে বাস্তব উৎপাদন ও বাণিজ্যিক বাজারে নিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্ভাবক, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের মধ্যে কার্যকর সংযোগ তৈরির আহ্বান জানিয়ে তিনি 'বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬'-এর উদ্বোধন করেছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে তিন দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হয়। এবারের মেলার প্রতিপাদ্য 'ইনোভেট টু মার্কেট'।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত মেলায় দেশের উদ্ভাবক ও উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষাপ্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
আয়োজনে সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্বাধীন গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ের উদ্ভাবকরা অংশ নিয়েছেন। পাশাপাশি বৈশ্বিক বিনিয়োগকারীরাও মেলায় যুক্ত হয়েছেন।
প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতে এক হাজারের বেশি নতুন ও সম্ভাবনাময় উদ্ভাবন মেলায় প্রদর্শন করা হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, দেশের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা তৈরি হলেও প্রয়োজনীয় নীতি সহায়তা, অর্থায়ন এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার অভাবে অনেক উদ্যোগই বাজার পর্যন্ত পৌঁছাতে পারে না। এসব বাধা দূর করে উদ্ভাবনের মেধাস্বত্ব সুরক্ষা এবং বাণিজ্যিক সম্প্রসারণের সুযোগ তৈরি করাই এবারের আয়োজনের অন্যতম লক্ষ্য।
মেলার দ্বিতীয় দিনে স্বাস্থ্যসেবা নিয়ে একটি বিশেষ আন্তর্জাতিক সেশনের আয়োজন করা হবে। 'সবার জন্য স্বাস্থ্য উদ্ভাবন: সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ' শীর্ষক এই আয়োজনে কম খরচে প্রান্তিক মানুষের কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হবে।
সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের।
এবারের ইনোভেশন ফেয়ারে কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) এবং ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফআইসিসিআই)। আর কারিগরি অংশীদার হিসেবে যুক্ত রয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
Comments