নারী নির্যাতনসহ সব ধরনের অপরাধ দূর করবে বিএনপি: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ধর্ষণ, নারী নির্যাতনসহ সমাজের সব ধরনের অপরাধ নির্মূলে বিএনপি কাজ করবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এসব কার্যক্রম সফল করতে মহিলা দলের নেতাকর্মীদেরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিএনপি বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। তাই শুধু মন্ত্রিত্ব বা নির্দিষ্ট কোনো পদে থাকলেই সরকারের অংশ হওয়া যায়—বিষয়টি এমন নয়।
মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকারের কার্যক্রমে মহিলা দলের নেতাকর্মীদেরও অবদান রয়েছে। তাদের শ্রম ও ত্যাগেরও অংশীদারিত্ব রয়েছে।
নারীর ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রে সরকারের 'ফ্যামিলি কার্ড' কর্মসূচিকে গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন রিজভী। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে মহিলা দলের নেত্রীদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
পাশাপাশি সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি ও সামাজিক নিরাপত্তামূলক উদ্যোগের তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মহিলা দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
Comments