দেশের টেকসই উন্নয়নে প্রয়োজন সৎ নেতৃত্ব: তথ্যমন্ত্রী
দেশের উন্নয়ন ও অগ্রগতিকে দীর্ঘমেয়াদে টেকসই করতে রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান।
তিনি বলেছেন, যোগ্য রাজনৈতিক নেতৃত্ব তৈরি করা না গেলে দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নিয়ে যত পরিকল্পনাই করা হোক, তা দীর্ঘস্থায়ী করা কঠিন হবে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) আয়োজিত 'আগামীর বরিশাল বিভাগ: সম্ভাবনা ও করণীয়' শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
আন্দালিভ রহমান বলেন, দেশের উন্নয়নে এখন শুধু অবকাঠামো নির্মাণ বা শিল্পায়ন যথেষ্ট নয়; প্রয়োজন গুণগত ও টেকসই উন্নয়ন। আর সেই উন্নয়ন নিশ্চিত করতে যোগ্য ও ভালো মানুষের নেতৃত্বে আসা জরুরি।
তিনি বলেন, গত ১৭ বছরে দেশে রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। এর ফলে মেধাবী ও সম্ভাবনাময় তরুণদের একটি অংশ রাজনীতি থেকে দূরে সরে গেছে। একই সঙ্গে রাজনীতিবিদদের প্রতি সাধারণ মানুষের আস্থার জায়গাতেও ঘাটতি তৈরি হয়েছে। এমনকি অনেক রাজনীতিবিদের সন্তানও রাজনীতিতে আসতে আগ্রহী নন।
রাজনীতিতে যোগ্য নেতৃত্বের গুরুত্ব বোঝাতে তিনি উদাহরণ দিয়ে বলেন, ভালো উপকরণ থাকলেই যেমন ভালো খাবার তৈরি হয় না, দক্ষ বাবুর্চির প্রয়োজন হয়; তেমনি উন্নয়নের উপকরণ থাকলেও যোগ্য নেতৃত্ব ছাড়া সেই উন্নয়নের সুফল দীর্ঘস্থায়ী করা সম্ভব নয়।
বরিশালের ঐতিহ্যের কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, খেলাধুলা থেকে রাজনীতি—বিভিন্ন ক্ষেত্রে বরিশালের মানুষের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পাকিস্তান আমল থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতার পরও এ অঞ্চল থেকে বহু প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা উঠে এসেছেন।
তিনি বলেন, বরিশালকে সত্যিকার অর্থে একটি স্বপ্নের নগরী ও সম্ভাবনাময় অঞ্চলে পরিণত করতে হলে নতুন প্রজন্মের মধ্যে থেকে ভালো ও যোগ্য রাজনৈতিক নেতৃত্ব গড়ে তুলতে হবে।
এ জন্য বরিশাল বিভাগের বিভিন্ন নির্বাচনি এলাকা ও আশপাশের জেলাগুলো থেকে মেধাবী তরুণ-তরুণীদের রাজনীতিতে আসতে উৎসাহিত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি তরুণদের রাজনীতিতে প্রবেশের জন্য অনুকূল পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেন।
আন্দালিভ রহমান বলেন, আগামী প্রজন্মের জন্য যোগ্য রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে না পারলে দেশের কোনো উন্নয়নই দীর্ঘমেয়াদে ধরে রাখা সম্ভব হবে না। এটি শুধু বরিশালের সমস্যা নয়, পুরো বাংলাদেশের জন্যই একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।
তিনি বলেন, অবকাঠামো উন্নয়ন, গ্যাস সরবরাহ কিংবা শিল্পায়ন উন্নয়নের অংশ হলেও দেশের বর্তমান প্রয়োজন মানসম্মত ও টেকসই উন্নয়ন। আর এ লক্ষ্য অর্জনে সৎ ও যোগ্য মানুষকে নেতৃত্বে নিয়ে আসতে হবে।
বর্তমান রাজনৈতিক নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, যারা রাজনীতিতে কাজ করার সুযোগ পেয়েছেন, তাদের দায়িত্ব হলো পরবর্তী প্রজন্মের যোগ্য ও মেধাবী তরুণদের জন্য রাজনীতিতে প্রবেশের পথ তৈরি করা। তরুণদের উৎসাহিত করার পাশাপাশি তাদের জন্য রাজনীতির পরিবেশও সহজ ও স্বস্তিদায়ক করতে হবে।
তিনি আরও বলেন, অনেক অবকাঠামো ও প্রতিষ্ঠান তৈরি করে যাওয়া সম্ভব হলেও সেগুলো রক্ষা ও এগিয়ে নেওয়ার মতো যোগ্য নেতৃত্ব তৈরি না হলে সেই অর্জন ধরে রাখা কঠিন হবে।
বরিশাল থেকে শেরেবাংলা এ কে ফজলুল হকসহ দেশের অনেক গুরুত্বপূর্ণ নেতা উঠে এসেছেন উল্লেখ করে আন্দালিভ রহমান বলেন, ভবিষ্যতেও এই অঞ্চল থেকে যোগ্য, সৎ ও দক্ষ নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে।
তিনি বলেন, তরুণদের শুধু ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী বা সফটওয়্যার প্রকৌশলী হওয়ার কিংবা বিদেশে যাওয়ার লক্ষ্যেই সীমাবদ্ধ না থেকে দেশের পরিবর্তনের জন্য রাজনীতিতেও আসার কথা ভাবতে হবে। দেশের সবচেয়ে মেধাবী ও শিক্ষিত তরুণদের কেউ যদি দেশ পরিবর্তনের প্রত্যয় নিয়ে রাজনীতিতে এগিয়ে আসে, সেটিই ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পারে।
Comments