গুলশানে নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীদের মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ২
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মীর হঠাৎ মিছিলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও দুই রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে এবং ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে।
আটককৃত ব্যক্তিরা হলেন—আব্দুর রহিম (৪৯) ও আরাফাত (২০)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে গুলশান-১ এলাকার ভোলা মসজিদের সামনে এই ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ তল্লাশি চালিয়ে অবিস্ফোরিত অবস্থায় আরও পাঁচটি ককটেল উদ্ধার করে।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মী 'জয় বাংলা' স্লোগান দিয়ে সড়কে মিছিল বের করেছেন এবং পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, 'গুলশান-১ এ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কিছু নেতাকর্মী ঝটিকা মিছিলের চেষ্টা করে। পুলিশ তাদের বাধা দিতে গেলে তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। জবাবে পুলিশও আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে দুজনকে আটকের পাশাপাশি পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।'
আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি দাউদ হোসেন।
Comments