আর্থিক অন্তর্ভুক্তিতে আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক
আন্তর্জাতিক অঙ্গনে আর্থিক অন্তর্ভুক্তিতে অবদানের স্বীকৃতি হিসেবে দুটি মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে রয়েছে 'এএফআই মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' এবং 'এএফআই জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স চ্যাম্পিয়ন ইনস্টিটিউশন' সম্মাননা।
গত ৩ সেপ্টেম্বর পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোরেসবিতে অনুষ্ঠিত অ্যালায়েন্স ফর ফিন্যানশিয়াল ইনক্লুশন (এএফআই) গ্লোবাল পলিসি ফোরামে (জিপিপি) পুরস্কার দুটি গ্রহণ করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান।
বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এএফআইয়ের মায়া ডিক্লারেশন কমিটমেন্টের অধীনে প্রতিবছর আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন স্বনির্ধারিত টার্গেট নির্ধারণ করা হয়। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ, বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) এসব লক্ষ্য বাস্তবায়নে কাজ করে।
নির্ধারিত লক্ষ্যগুলোর উল্লেখযোগ্য অংশ অর্জন করায় বাংলাদেশ ব্যাংককে এ বছর 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' দেওয়া হয়েছে। এর আগে ২০২৫ সালেও একই পুরস্কার অর্জন করেছিল কেন্দ্রীয় ব্যাংকটি।
অন্যদিকে, নারীদের আর্থিক সেবার আওতায় আনতে নেওয়া বিভিন্ন উদ্যোগ এবং জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্সের ক্ষেত্রে অগ্রগতির জন্য বাংলাদেশ ব্যাংক পেয়েছে 'এএফআই জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স চ্যাম্পিয়ন ইনস্টিটিউশন' সম্মাননা।
এএফআইয়ের ডেনারাউ অ্যাকশন প্ল্যানের লক্ষ্য বাস্তবায়ন, প্রাতিষ্ঠানিক অঙ্গীকার এবং নারীদের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে উদ্ভাবনী পদক্ষেপ নেওয়ার স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা দেওয়া হয়েছে।
এএফআই আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে নীতি প্রণয়ন ও নিয়ন্ত্রক কার্যক্রমে যুক্ত প্রতিষ্ঠানগুলোর একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। বর্তমানে বিশ্বের ৮২টি দেশের কেন্দ্রীয় ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং আর্থিক খাতের অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাসহ মোট ৮৯টি প্রতিষ্ঠান সংগঠনটির সদস্য।
Comments