ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা: আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণকালীন আকস্মিক দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এই দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন তিনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিএমএইচে গিয়ে চিকিৎসাধীন ওই সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি কর্মকর্তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং তাঁর সর্বোত্তম সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
হাসপাতাল পরিদর্শনের সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তা ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের ধৈর্য ও সাহস জোগান।
প্রসঙ্গত, গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় এই আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সেনাবাহিনীর দুই সদস্য নিহত হন এবং এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরবর্তীতে আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিএমএইচে স্থানান্তর করা হয়।
Comments