মোবাইল হ্যাক ও স্বাক্ষর জাল নিয়ে এমপিদের সতর্ক করল চিফ হুইপ
জাতীয় সংসদ সদস্যদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ দাবি, কণ্ঠস্বর নকল (ভয়েস ক্লোন) এবং স্বাক্ষর জাল করে প্রতারণার ঘটনায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি তুলে ধরে সংসদ সদস্যদের এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে প্রতারণা ঠেকাতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কাজ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) শুরু করেছে বলেও জানান চিফ হুইপ।
সংসদে চিফ হুইপ বলেন, সম্প্রতি কয়েকজন সংসদ সদস্যের মোবাইল নম্বর ব্যবহার করে পরিচিতদের কাছে জরুরি ভিত্তিতে টাকা পাঠানোর অনুরোধ করা হয়েছে। কেউ ৫০ হাজার, কেউ ৩০ হাজার আবার কেউ ২৫ হাজার টাকা চাওয়ার বার্তা পেয়েছেন। বিষয়টি যাচাই করতে সংশ্লিষ্ট নম্বরগুলোর মালিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি। এতে নম্বর হ্যাক হওয়ার বিষয়টি সামনে আসে।
তিনি বলেন, শুধু মোবাইল হ্যাক নয়, ভয়েস ক্লোনিংয়ের মাধ্যমেও প্রতারণার ঘটনা ঘটছে। পাশাপাশি বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর জাল করে সেগুলো আসল নথি হিসেবে উপস্থাপনের ঘটনাও ঘটছে। বিরোধী দলের পাশাপাশি সরকারদলীয় সংসদ সদস্যরাও এ ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন বলে জানান তিনি।
চিফ হুইপ সংসদ সদস্যদের বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এ বিষয়ে জনপ্রতিনিধিরা সচেতন হলে সাধারণ মানুষও প্রতারণার নতুন কৌশল সম্পর্কে সতর্ক হতে পারবেন।
এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, এ ধরনের প্রতারণা ঠেকাতে ব্যক্তিগত সতর্কতার পাশাপাশি রাষ্ট্রীয় পর্যায়েও প্রতিরোধমূলক ব্যবস্থা প্রয়োজন। যাদের মোবাইল বা কণ্ঠস্বর ক্লোন করা হচ্ছে, তাদের দায়ী না করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, নির্বাহী বিভাগ ও রাষ্ট্রীয় সংস্থাগুলোকে প্রতিরোধে কার্যকর ভূমিকা নিতে হবে।
জবাবে চিফ হুইপ জানান, বিষয়টি নিয়ে আগের দিনই আলোচনা হয়েছে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে বিটিআরসি কাজ শুরু করেছে। দ্রুত এ সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে।
এদিকে সংসদ সদস্যদের নিরাপত্তা ও উপস্থিতি নিশ্চিত করতে সংসদ ভবনের বিভিন্ন লবিতে থাকা ফেস রিডিং ডিভাইস ব্যবহারের বিষয়টিও সংসদে তুলে ধরেন চিফ হুইপ। তিনি জানান, এসব ডিভাইসে নিয়মিত ফেস রিডিং না করেই অনেক সদস্য সংসদ কক্ষে প্রবেশ করছেন।
তিনি সংসদ সদস্যদের অনুরোধ করেন, সংসদ ভবন থেকে বের হওয়ার সময় সবাই যেন নির্ধারিত ফেস রিডিং সম্পন্ন করেন।
Comments