আপাতত সম্প্রসারণ হচ্ছে না মক্কা প্রতিরক্ষা জোটের
পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ককে নিয়ে গঠিত 'মক্কা প্রতিরক্ষা জোট' এখনই সম্প্রসারণ করা হচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রতিরোধ সক্ষমতা আরও জোরদার করাই বর্তমানে এই জোটের প্রধান লক্ষ্য।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান এ কথা জানান।
মুখপাত্র জানান, এটি মূলত একটি রক্ষণাত্মক বা প্রতিরক্ষামূলক জোট। সদস্য দেশগুলোকে প্রথমে নিজেদের পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক কাঠামো আরও সুসংহত করতে হবে। প্রাথমিক কাজগুলো সম্পূর্ণ হওয়ার পর, একই ধরনের দৃষ্টিভঙ্গি ও অবস্থান পোষণকারী অন্যান্য দেশগুলোর জন্য এই জোটের পরিধি উন্মুক্ত করার কথা ভাবা হতে পারে।
জোটের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কার্যপ্রণালি চূড়ান্ত করতে এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। এ কারণেই এই মুহূর্তে সদস্য বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।গত ৭ আগস্ট স্বাক্ষরিত এই প্রতিরক্ষা চুক্তির মূল উদ্দেশ্য যৌথ প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি করা। চুক্তি অনুযায়ী, সদস্যভুক্ত যেকোনো একটি দেশের ওপর আক্রমণকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে গণ্য করা হবে।
গত ৩১ আগস্ট ইস্তাম্বুলে অনুষ্ঠিত জোটের প্রথম বৈঠকে সৌদি আরবে একটি স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। এছাড়া প্রথম তিন বছর পাকিস্তানের একজন মহাসচিব এই সচিবালয়ের নেতৃত্ব দেবেন।
Comments