সালমান শাহর মৃত্যু: পলাতকদের চিনলেও মৃত্যু রহস্যের তথ্য গোপন করেছেন ডন
নব্বই দশকের ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল-অভিনেতা আশরাফুল হক ডনকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তবে রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও সালমান শাহর মৃত্যু রহস্যের বিষয়ে বড় কোনো গুরুত্বপূর্ণ তথ্য আদায় করতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পলাতক আসামিদের চেনেন বলে স্বীকার করলেও তিনি অনেক তথ্য গোপন করেছেন এবং ডনকে ফের রিমান্ডে নেওয়া হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (৯ সেপ্টেম্বর) ৫ দিনের রিমান্ড শেষে ডনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. মুজিবুর রহমান।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, সালমান শাহর মৃত্যু ও মামলার ঘটনা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ডন অত্যন্ত কৌশলী আচরণ করেন। তিনি অত্যন্ত চতুর ও দুর্দান্ত প্রকৃতির লোক হওয়ায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করছেন। সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে একসঙ্গে চলাফেরা করার সুবাদে তার সব তথ্য ডনের জানার কথা। পলাতক আসামিদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি তাদের চেনেন বলে স্বীকার করলেও বিস্তারিত অনেক তথ্যই চেপে যান।
তবে মামলার ঘটনার পূর্বে, পরে ও ঘটনার সময়ের ডনের আচার-আচরণ এবং চালচলন বিশ্লেষণ করে এ ঘটনার সঙ্গে তার জড়িত থাকার বিষয়ে নানা তথ্য পাওয়া যাচ্ছে। সে কারণে তাকে পরবর্তীতে আবারও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে বলে আদালতকে জানান তদন্ত কর্মকর্তা। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রায় ৩০ বছর আগে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকাই সিনেমার আইকন সালমান শাহ রহস্যজনকভাবে মারা যান। তখন সাংসারিক জটিলতার কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করা হয়েছিল এবং তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী একটি অপমৃত্যুর মামলা করেছিলেন। পরবর্তী সময়ে থানা পুলিশ, পিবিআই, বিচার বিভাগীয় তদন্ত এবং সিআইডির বিভিন্ন প্রতিবেদনে বিষয়টিকে আত্মহত্যা বলেই উল্লেখ করা হয়েছিল।
তবে শুরু থেকেই এই মৃত্যুকে হত্যা বলে দাবি করে আসছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। দীর্ঘ আইনি লড়াই ও নানা প্রক্রিয়া পেরিয়ে গত বছর আদালত পুরনো অপমৃত্যুর মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এরপর নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন, যেখানে সালমান শাহর স্ত্রী সামিরা হক ও খলনায়ক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়। গত ৯ আগস্ট ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে পুলিশ।
এই হত্যা মামলার অন্যান্য আসামিরা হলেন—সালমান শাহর স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেবিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ। বর্তমানে মামলাটির তদন্তভার সিআইডির হাতে রয়েছে।
Comments