সড়কে শৃঙ্খলা আনতে সরকারের নতুন উদ্যোগ
সড়ক দুর্ঘটনা কমানো এবং গণপরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দেশের সড়ক ও মহাসড়কে চলাচলকারী গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) প্রযুক্তি চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সদস্য সানজিদা ইয়াসমিনের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী জানান, জিপিএসের মাধ্যমে গণপরিবহনের অবস্থান ও গতিবেগ সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এর ফলে নির্ধারিত স্থানের বাইরে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা, অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়ম নিয়ন্ত্রণে আনা সহজ হবে।
তিনি আরও বলেন, কোনো যানবাহন নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে কিংবা ট্রাফিক আইন লঙ্ঘন করলে বিষয়টি স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হওয়ার ব্যবস্থা থাকবে। পরে সংশ্লিষ্ট চালক ও মালিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে।
অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সড়ক দুর্ঘটনা কমাতে পেশাদার চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় দক্ষতা ও সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৭৬ হাজার ৪৬৩ জন চালককে এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতে ট্রাফিক সাইন, সিগন্যাল ও রোড মার্কিংয়ের পাশাপাশি গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা, মাদক গ্রহণ করে গাড়ি চালানোর ঝুঁকি, নিরাপদ সড়কের গুরুত্ব এবং পরিবেশ দূষণ রোধে করণীয় বিষয়ে সচেতন করা হচ্ছে।
এ ছাড়া 'বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প'-এর আওতায় আরও ৬০ হাজার চালককে প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৪০ হাজার নতুন চালককে মৌলিক প্রশিক্ষণ এবং ২০ হাজার ভারী যানবাহনের চালককে পুনঃপ্রশিক্ষণ দেওয়া হবে।
সরকারের আশা, এসব উদ্যোগের মাধ্যমে চালকদের দক্ষতা ও সচেতনতা বাড়ানোর পাশাপাশি সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্ঘটনা কমানো সম্ভব হবে।
Comments